Tuesday, May 9, 2017

আদর

তুমি যে আমায় পাগলি, ক্ষেপী, হনুমন্তী
আরও কত কী নামে ডাকো;
ওগুলো সব আমাকে আদর করে।
সব আদরে শরীর থাকে না...
মন খারাপের দিনে কাউকে কিছু না বললেও
হঠাত তুই ফোন করে বলিস
‘তোকে নিয়ে স্বপ্ন দেখেছি...
খারাপ স্বপ্ন, ভালো লাগছে না...
চল তোকে খাওয়াই...’
তুই খাওয়াস, আমিও খাই,
আদর...
সব আদরে শরীর লাগে না...
যখন দেরী হয়ে গেছে বলে
দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাই,
তুমি আমার পেছন পেছন
আস্তে আস্তে আসো;
দেখ আমি রাস্তা পার হওয়ার সময়
তাড়াহুড়ো করি কি না...
ওটাও আদর,
সব আদর শরীরে থাকে না...
সব 'তুই' আর 'তুমি'দের ভালোবাসা
আদর হয়ে যায়...
চোখ মুছিয়ে দেয়...
গাছ হয়ে দাঁড়িয়ে থাকে...
মাঝে মাঝে একটা গাছ কে জড়িয়ে ধরি,
মনে হয় ও শ্বাস নিচ্ছে...
হাওয়ায় হাওয়ায় জাপটে ধরছে আমাকে...
আদর,
শুধু শরীরে লাগে না...

No comments:

Post a Comment