Friday, August 19, 2016

একঘেঁয়েমির ওষুধ খুঁজছিলাম

অন্যের সঙ্গে রোজ মিশলে অনেক সময় আমাদের একঘেঁয়ে লাগে। আয়নায় রোজ এক মুখ দেখি তবু তো মন্দ লাগে না...! আসলে আমরা কি কাউকে নিজের মতো করে ভালোবাসতে পারি না! না কি সেটার থেকেও বড় কারণ হল নিজেকে প্রায় রোজ নতুন করে আবিষ্কার করি। নিজেই নিজের অজানা পারা- না পারার তথ্যগুলো জানতে পেরে জীবনের বিভিন্ন পরিস্থিতিতে অবাক হই। অন্যদের যতদিন নতুন করে চেনা বাকি থাকে ততদিন একঘেঁয়ে লাগে না। যেই মনে হয় চিনে গেছি...ব্যাস্‌...
আসলে চিনে গেছি ভাবাটাই তো কম চেনার লক্ষণ... যেমন জেনে গেছি ভাবাটা কম জানার প্রথম পদক্ষেপ। নিজের সম্পর্কে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আবিষ্কার যখন বন্ধ হয়ে যায়...তখনই আসে একঘেঁয়েমিজনিত হতাশা.... এমনই হতাশা শুধু মনে আসে না, আসে সম্পর্কেও। নিজেকে বিভিন্ন পরিস্থিতিতে ফেলে দেখতে পাই আরও কত কি নিজের সম্পর্কে জানা বাকী। একটু ঝুঁকি নিয়ে দেখা যাক... হতাশার থেকে বেশী আর কি হবে... অন্তত একঘেঁয়ে হতাশার থেকে বেরিয়ে একটা নতুন হতাশাও যদি পাই...মন্দ কি!! নতুন তো!! এই যেমন আজ হঠাত আবিষ্কার করলাম আমার মুখের ডান দিকটা মিচ্‌কে আর বাঁ দিকটা স্নিগ্ধ... :P একই মুখ নিয়ে তো কম বছর পার করলাম না...তবু “আপনাকে এই জানা আমার ফুরাবে না...” ;)

No comments:

Post a Comment